এইবেলা, কুলাউড়া ::
মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে ০৯ নভেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা নাঈম আহমেদ অলি (২৪) নামক এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নাঈম আহমেদ অলি টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের ইলিয়াছ আহমদের দ্বিতীয় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে আরব আমিরাতে দুবাই শহরে নাঈমের মৃত্যুর খবর পান পরিবারের লোকজন । দুবাই পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কিন্তু মৃত্যুর কোন কারণ নিশ্চিত করেনি পুলিশ।
নিহতের পিতা ইলিয়াছ আহমেদ ছেলের লাশ দেশে পাঠানোর জন্য আরব আমিরাত প্রবাসী এবং সে দেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
নাঈমের এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে লাশ দেশে আসা নিশ্চিত হলে জানাজার সময় ও স্থান জানানো হবে। ##