মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় বাদীপক্ষকে হয়রানি করতে নিজেদের পুরোনো গাড়িতে আগুন দিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হত্যা মামলার বাদী শাহজাহান আহমদের স্ত্রী তাসলিমা আক্তার শিপা।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৫ সালের ২৬ মে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় আব্দুর রহিমের লোকজন তাঁদের জমিতে মাটি কাটতে গেলে বাধা দেন তাঁর স্বামী ও দেবর। এ সময় প্রতিপক্ষের হামলায় দেবর জালাল আহমেদ গুরুতর আহত হন এবং শিক্ষিকা রোজিনা বেগম নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। পরে নিহতের ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তাসলিমার অভিযোগ, আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকে মামলা তুলে নিতে তাঁদের হুমকি দিয়ে আসছেন। আপস না করায় গত ১২ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে নিজেদের পুরোনো গাড়িতে আগুন দিয়ে তাঁর স্বামী, ভাইসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। তাঁর দাবি, যথাযথ তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করা হয়েছে। অথচ ঘটনার রাতে তাঁর স্বামী ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগর কয়েক মাস ধরে আদালতে হাজির হচ্ছেন না এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিহত রোজিনা বেগমের ছেলে রেজওয়ান তাওয়াফ (১২), নূরন্নাহার লুবনা ও রেজওয়ানা আক্তার রুনা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কমলগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।#