জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্য- বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর  বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ২০ জন পুশইন চেষ্টা বিএসএফের : প্রতিরোধ বিজিবি’র বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু

জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি :: পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি বলেছেন, জুড়ীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার নাইট চৌমুহনীতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সম্পর্ক ও অবস্থান জোরদারে সরকার কাজ করছে। কিন্তু দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে না পেরে পলাতক ফ্যাসিস্ট শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, অতীতে দীর্ঘ ১৫ বছর বিএনপি নেতাকর্মীরা জুলুম-নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা জুড়ীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেননি। অথচ সম্প্রতি অজ্ঞাত পরিচয়ে মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জুড়ীকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সক্ষম। তবে তাঁরা সংঘাত নয়, শান্তি ও সহাবস্থান চান।
প্রতিবাদী কণ্ঠে তিনি আরও বলেন, ‘জুড়ীর শান্তিপূর্ণ পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করবেন, তাঁদের সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি পরিকল্পিতভাবে জুড়ীর পরিবেশ নষ্ট করতে চান, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’
গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের কোনো জেলাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হোক, তা বিএনপি চায় না। দেশের প্রতিটি অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহাবস্থান বজায় রাখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জুড়ীর রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে পরিবেশ কলুষিত করার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে নির্বাচিত করেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তারা সরকারের পাশে থাকবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সিলেট বিভাগের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দের পাশাপাশি জুড়ী-বড়লেখাসহ সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। অতীতের তুলনায় দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, জুড়ী ও বড়লেখার মানুষ শান্তিপ্রিয়। কোনো ধরনের উসকানি, ষড়যন্ত্র কিংবা কলুষিত রাজনীতির মাধ্যমে এই এলাকার শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুস্তাকিম হোসেন বাবুল, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, সাগরনাল ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ এবং পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহাইবুর রহমান তুহেলস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, শামিম আহমদ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews