কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও একাডেমির আয়োজনে শনিবার সন্ধ্যায় একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা ও নাট্যকার শুভাশিস সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং কমলগঞ্জ বিআরডিবির সহ-সভাপতি নন্দ কুমার সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ এবং বিশ্ব কবি মঞ্চের আহ্বায়ক পুলক কান্তি ধর।
আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে আরও সচেতন হতে হবে। নিজ ভাষার চর্চা ও প্রসারে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#