জুড়ী (মৌলভীবাজার ) প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (০৮ এপ্রিল) রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজারে ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাক পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
এ প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও অভিযানকালে দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল এবং ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার বলেন, ওই দোকান থেকে অবৈধ ভাবে মজুদ করা প্রায় ১৪`শ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#