কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। ১২তম বছরের মতো এবারো কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদ ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৫টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে ও সুমন চন্দ্র দে এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, বিএনপি নেতা আব্দুল আজিজ, রাসেল হাসান বখত, সাবেক কাউন্সিলর রুহেল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ভূষন রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব,সাধারণ সম্পাদক অলক দেবসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। রথযাত্রায় সনাতনী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি।
এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের জগন্নাথ জিউর মন্দিরে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মন্দিরের প্রধান আচার্য্য সুনীল কুমার দাশের সভাপতিত্বে ও শিক্ষক উত্তম লোহারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌহান প্রমুখ। এছাড়া শমশেরনগর চা বাগান ও শমশেরনগর কালিবাড়ি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টায় রথখযাত্রা শোভাযাত্রা বের হয়। এছাড়া পতনঊষার, শ্রীসূর্য্য, মৃর্ত্তিঙ্গা চা বাগান, পাত্রখোলা চা বাগান, মাধবপুর, আলীনগর, কুরমা চা বাগান, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল, তিলকপুরসহ বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।