বড়লেখা প্রতিনিধি :
বন্যার আগেই পরিবার, কমিউনিটি, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সমন্বিত প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর বার্তা নিয়ে ১৩ সেপ্টেম্বর হাকালুকি হাওরপারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালি উচ্চ বিদ্যালয় মাঠে এন্টিসিপেটরি অ্যাকশন ও এসআরএসপি প্রকল্পের আওতায় বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে এবং ডব্লিউএফপি-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। দুর্যোগ মহড়া ও আলোচনা সভাসহ পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন সিএনআরএস এন্টিসিপেটরি অ্যাকশন ও এসআরএসপি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সৌরভ কান্তি রায়।

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও সিএনআরএস এন্টিসিপেটরি অ্যাকশন ও এসআরএসপি প্রকল্পের উপজলা সমন্বয়কারি জসিম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডব্লিউএফপি-এর সিলেট বিভাগীয় প্রধান মামুনুর রশিদ, মৌলভীবাজারের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, বর্নি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ।
দুর্যোগ বিষয়ক মহড়ায় আগাম সতর্কবার্তা, জনসচেতনতা, ইউডিএমসি-এর কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও বন্যা-পরবর্তী পুনর্বাসনের বিভিন্ন ধাপ বাস্তব ভিত্তিকভাবে উপস্থাপন করা হয়।