এইবেলা, কুলাউড়া ::
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর মা কুলাউড়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
র্যাবের একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী সজল দেব নাথকে (২১) গ্রেফতার করেছে।
শনিবার (১০ জানুয়ারি) গ্রেফতারকৃত সজলকে কুলাউড়া থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতার হওয়া সজল কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) সকালে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব জানায়, অপহৃত স্কুল ছাত্রী মৌলভীবাজারের একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। রাস্তায় চলাচলের সময় গ্রেফতারকৃত সজল ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিতো। স্কুলছাত্রী তার কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি দেয়।
গত ১ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার হাই স্কুলের সামনে থেকে স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিকেলে স্কুলছাত্রী বাড়িতে ফিরে না আসায় থানায় মামলা দায়ের করেন তার মা।#