এইবেলা, কুলাউড়া :::
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা ০৭ অক্টোবর বুধবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলায় এবার ২২৭ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।
সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কুলাউড়ার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজার সময় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বি এন পি নেতা এস এম জামান মতিন, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোঃ আব্দুল মুনতাজিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ড. রজতজয়ন্তী ভট্টাচার্য, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান, আব্দুল মোহিত বাবলু, পূজা পরিষদের সাবেক সম্পাদক সুমন মিত্র, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি ডা. অরুনাথ দে, আহ্বায়ক বিধান দেব, সাধারণ সম্পাদক অজয় দাস এবং পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে। এজন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।#