জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ীতে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী শিশু পার্কে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মৌলভীবাজার ০১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্রসমাজের সংগঠন ছাত্রদল গড়ে উঠেছে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এখন সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের প্রত্যাশা পূরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়া। কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য, গুজব বা পরিকল্পিত অপপ্রচার যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নাসির উদ্দিন আহমেদ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে মতের ভিন্নতা যেন সংঘাত, সহিংসতা কিংবা জনদুর্ভোগের কারণ না হয়। যারা বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বা কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মীদেরও দায়িত্বশীল আচরণ, সহনশীলতা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, ছাত্রসমাজ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম ভিত্তি। তাই ছাত্রদলের নেতাকর্মীদের পড়াশোনা, সামাজিক দায়িত্ব, মানবিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হতে হবে। কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। রাজনীতির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই হবে আমাদের মূল লক্ষ্য। কোনো ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা নৈরাজ্য দিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের অধিকার, আইনের শাসন, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
জুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব সোহেল আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক হাজী মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ ও ফয়ছল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া সিলেট সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরসালিন আহমদ আসফিয়া, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, সাইফুর রহমান ও ইকবাল হোসেন সিপলুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, সহিংসতা ও নৈরাজ্য পরিহার এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।