এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের লাশ মঙ্গলবার (১০ মার্চ) রাতে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক সিএনজি অটোরিক্সা চালক সাকিব আহমদ (২৩) নামক যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। পরকিয়ার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার ০৯ মার্চ রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনও ছিলো বন্ধ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার ১০ মার্চ রাতে টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে রিপন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় লোকজন জানান, আলী নগর গ্রামের জমসেদ আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক সাকিব ছিলেন নিহত রিপনের সিএনজি অটোরিক্সা চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা যাওয়া ছিলো। নিহত রিপন মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন অটোরিক্সা চালক সাকিব। বিষয়টি জানাজানি হলে নিহত রিপন ও সাকিবের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রিপনের স্ত্রী ও ঘাতক সাকিবের পরকিয়ার প্রেমের ভিডিও ক্লিপ রয়েছে বলেও স্থানীয় লোকজন জানান। ঘটনার জের ধরে সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধারকালে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলো, যাতে তাকে কেউ সন্দেহ না করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।##