নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
উত্তর জনপদের মৎস্য ভান্ডার খাত নওগাঁর আত্রাই উপজেলার বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার আটটি স্থানে মোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুর, নৈদিঘীর গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর, মাগুরা-আকবরপুর আদর্শ গ্রামের পুকুরসহ বিভিন্ন জলাশয় ও নদী রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার খাদ্য গুদামসংলগ্ন ঘাটে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকছুদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, দেশীয় অনেক মাছের প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। জলাশয় ও নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশীয় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত আত্রাই উপজেলায় একটি মৎস্য ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশীয় মাছ সংরক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।##