ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রনির ওপর হামলার ঘটনায় স্থানীয়ভাবে আয়োজিত শালিশ বৈঠকের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয়েছে। বৈঠকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযুক্তরা সাংবাদিক আনোয়ার হোসেন রনির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও অভিযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
শালিশ বৈঠকে যাচাই-বাছাই ও আলোচনার পর সাংবাদিক আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উপস্থিত ব্যক্তিরা জানান। তবে বিদ্যুৎ ট্রান্সফরমার ও নতুন মিটার স্থাপনকে কেন্দ্র করে এলাকায় অর্থ সংগ্রহের অভিযোগ এবং তা নিয়ে সৃষ্ট বিরোধের বিষয়টি আরও স্বচ্ছভাবে তদন্তের প্রয়োজন রয়েছে বলেও স্থানীয়দের পক্ষ থেকে মত দেওয়া হয়।
গত রোববার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও ভূমি অফিসের সামনে এ শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ও বিএনপি নেতা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, মখলিছুর রহমান, উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, বিএনপি নেতা আমিন উদ্দিন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আলী রাসেল, উপজেলা বিএনপি নেতা এমাদ উদ্দিন এমাদ, যুবদল নেতা আব্দুস সাত্তার ও মনির উদ্দিন, কৃষকদল নেতা সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী শিমুল আহমদ আবু, আবুল কালাম, ইউপি সদস্য সাদ উদ্দিন, সাজল মেম্বার, সোনাফর আলী, নুর আলী, সারব আলী, আব্দুস ছোবহান, লিলু মিয়া, সাইফ উদ্দিন, নাসির উদ্দিন ও আলীম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শালিশে বক্তারা সাংবাদিক আনোয়ার হোসেন রনির ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, মতপার্থক্য বা কোনো বিষয়ে ভুল-বোঝাবুঝি হলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিত। কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, ভয়ভীতি বা বাধার শিকার হওয়া কোনোভাবেই কাম্য নয়।
পরে হামলার ঘটনায় অভিযুক্তরা সাংবাদিক আনোয়ার হোসেন রনির কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।##