ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি, লগি-বৈঠার তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিলেটের ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বাদ আছর উপজেলার তাজপুর কদমতলা থেকে শুরু হয়ে তাজপুরবাজারে এসে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আনহার মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী।সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সহকারী সেক্রেটারি সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত নৃশংসতার স্মৃতি আজও জাতির বিবেককে নাড়া দেয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি কখনো একটি রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। যারা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সহিংসতা চালিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এবং সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছে, লাশের উপর নৃত্য করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর বিচার নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী বলেন, ২৮ অক্টোবরের ঘটনাকে ভুলে যাওয়ার সুযোগ নেই। এ ঘটনার সঠিক ইতিহাস সংরক্ষণ, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াত এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##