এইবেলা, কুলাউড়া::
মৌলভীবাজারের কুলাউড়ায় জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র সংসদ আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, এম শাকিল রশীদ চৌধুরী, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও ব্যাংকার সুয়েবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।##