বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামে নিজের ও মেয়ের শ্বশুড়বাড়ির পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে জামাতার ভাই ওমর ফারুকের (সমন্ধিকের ছেলে) হাতে খুন হলেন ফুফা আব্দুর রহমান (৬৮)। তিনি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত একটার দিকে বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামে নিহতের সম্মন্ধিক মৃত তোতা মিয়ার বাড়িতে।
জানা গেছে, সমন্ধিক মৃত তোতা মিয়ার ছেলে কাতার প্রবাসি মুন্না আহমদের সাথে নিহত আব্দুর রহমান তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে মেয়ের শ্বশুড়বাড়িতে পারিবারিক বিরোধ চলছিল। দীর্ঘদিনের এই পারিবারিক বিরোধ নিষ্পত্তি করার জন্য আব্দুর রহমান বৃহস্পতিবার রাতে শ্বশুড়বাড়িতে যান। এসময় মেয়ের জামাতার ভাই ওমর ফারুক পুর্ব-শত্রুতার জেরে আপন ফুফা ও তালই আব্দুর রহমানকে অতর্কিতভাবে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে শুক্রবার দুপুরে সরেজমিনে হামলার ঘটনাস্থল মৃত তোতা মিয়ার বাড়িতে গিয়ে দেখায় যায় কেউ নেই বাড়িতে।জনমানব শূন্য বাড়ি পড়ে রয়েছে। ঘটনার পর থেকে বাড়ির লোকজন গা-ঢাকা দিয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর তারা হত্যার ঘটনায় মামলা করবেন। তবে, পুলিশ হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্ঠা চালাচ্ছে এবং এ ঘটনায় অন্য কেউ সম্পৃক্ত কি-না তার তদন্ত চলছে।