বড়লেখা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে প্রতিদ্ব›দ্বীতার জন্য বৃহস্পতিবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও গালিব চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরো ৩ জন সংসদ সদস্যপ্রার্থী। এসময় উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে প্রথমেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মৌলভী লুকমান আহমদ। এসময় তার সাথে ছিলেন, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, জুড়ী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সহিদ, বড়লেখা উপজেলা সহ-সভাপতি অধক্ষ মাওলানা কাওছার আহমদ, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।
এরপর স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতি বেলাল আহমদ এর পক্ষে ইউএনও’র হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা কেএম সালেহ আহমদ কবির, সাধারণ সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, পৌরসভা সভাপতি মাওলানা আব্দুল লতিফ এবং সবশেষে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ইয়াহিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনজন সংসদ সদস্য পদপ্রার্থীসহ মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।