বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ফয়সল আহমদ সাগরকে বিগত ২০১২ সালে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা (জি.আর-৩৯/১২) দিয়ে প্রায় ১৪ বছর হয়রানি করা হয়েছে। অবশেষে সম্প্রতি মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালততাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন।
দীর্ঘ ১৪ বছর মিথ্যা মামলা দিয়ে পালিয়ে থাকতে বাধ্য করা, কয়েক দফা কারাভোগ করানো, আর্থিক ও মানসিক হয়রানি, ব্যক্তিগত ও রাজনৈতিক মানসম্মান ক্ষুন্ন করায় ভুক্তভোগি বিএনপি নেতা ফয়সল আহমদ সাগর মঙ্গলবার মিথ্যা মামলার পাতানো বাদি উপজেলার গল্লাসাঙ্গন ছাতুরপার গ্রামের সামছুল ইসলামের স্ত্রী রিনা বেগম, তার অন্যতম সহযোগি সাবেক ইউপি সদস্য খছরুজ্জামান খছরু-সহ ১২ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামি ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- বাদির স্বামী সামছুল ইসলাম, সহযোগি নাজমুল ইসলাম, সুলতানা বেগম, দুলাল আহমদ, নাজিম উদ্দিন, তাজুল ইসলাম, শবজান বেগম, আব্দুল মজিদ, আলতাফ হোসেন, নুরুল ইসলাম ও আমিনুল ইসলাম।
ভুক্তভোগি বিএনপি নেতা ফয়সল আহমদ সাগর জানান, রাজনৈতিক কারণে এলাকা ছাড়া করতেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। অবৈধ প্রভাব বিস্তারে মামলার তদন্ত (পুলিশের এসআই) কর্মকর্তা আদালতে মিথ্যা চার্জশীট প্রদান করেন। এই মিথ্যা মামলায় তাকে তিন দফা জেল কাটতে হয়েছে। ১৪টি বছর মিথ্যা মামলার ঘানি টানতে হয়েছে। অবশেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আমাকে খালাস দিয়েছেন। মিথ্যা মামলা করে দীর্ঘ হয়রানি, ক্ষতিসাধন ও মানহানির ঘটনায় মিথ্যা মামলার বাদি ও তার সহযোগিদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে মামলা আদালতে করেছি।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন মিয়া মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে নির্দেশ দিয়েছেন।