ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ইনডোর গ্রাইন্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার তাজপুরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাজপুর ইউনিয়নের কদমতলা বরায়
চানপুর এলাকায় এমএ আজিজ ইনডোর সেন্টারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরায়া চানপুর গ্রামের হিরন মিয়ার ছেলে জাহিদুল ইসলাম হৃদয়ের সঙ্গে কাদিপুর গ্রামের নাজু নামের এক যুবকের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেওয়া হলে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে কাদিপুর ও বরায়া চাঁনপুর গ্রামের শত শত গ্রামবাসী সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুরবাজার ও কদমতলা এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন। খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সিলেট ঢাকা মহাসড়কে বেশ কিছু সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওসি গোলাম মোস্তফা, এএসআই এনামুল সহ আরো দুজন কনস্টেবল আহত হন। আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাজপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আমি সহ আমরা ৪ পুলিশ সদস্য আহত হই। তবে উভয় গ্রামবাসীর মধ্যে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা
হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে ওসি গোলাম মোস্তফা জানান। এ ঘটনায় থানা কোনো মামলা হয়নি।#