বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিজিবি নিউ পাল্লাথল বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকা দিয়ে বৃহস্পতিবার রাতে ১২ জন রোহিঙ্গা নাগরিককে ভারত থেকে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। সীমান্ত রেখার ৫০ গজ অভ্যন্তরের বাতামোড়ল নামক পানপুঞ্জি এলাকা থেকে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী তাদের আটক করেছে। শুক্রবার বিকেলে বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৫ জন শিশু। এরা হচ্ছে- কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবুল মসুরের ছেলে মো. উসমান গনি (২৭), মো. উসমান গনির স্ত্রী জান্নাতারা বেগম (২২), মেয়ে জয়নব বিবি (৩) ও জেসমিন বিবি (২), টেকনাফ থানার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মুনাফের স্ত্রী দিলদারা বেগম (৪৫), ছেলে মো. রহমত উল্লাহ (২৪) ও শহিদ উল্লাহ (১৭), মো. রহমত উল্লার স্ত্রী সেলিমা বেগম (২০), মেয়ে আয়শা বিবি (৩) ও রিপা বিবি (১), আয়াজ আলীর স্ত্রী সামিরা আক্তার (২৮) ও ছেলে মো. আব্দুর রহিম (৯)।
এরা সবাই বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে প্রবেশ করেছিল। সম্প্রতি সেখানে আটক হলে বৃহস্পতিবার রাতে বিএসএফ অবৈধভাবে তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ভারত হতে ১২ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশইন করলে বিজিবির টহলদল তাদের উদ্ধার করেছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ব্যক্তিদের শুক্রবার বিকেলে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি কর্তৃক থানায় হস্তান্তরিত রোহিঙ্গাদের কক্সবাজারের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।