বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে মজুতকৃত ১ হাজার ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
এদিকে বড়লেখার মোহাম্মদনগর বাজার থেকে জব্দ ৭২৫ লিটার ডিজেল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
জুড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেল মজুদের গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার সমাই বাজারের ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক প্যাকড পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। অভিযানের পূর্বে প্রতিষ্ঠানটি তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও দোকান তল্লাশি করে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল পাওয়া যায়। পরে তা জব্দ করা হয়।
ইউএনও (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার জানান, ওই দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১৪’শ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।