নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে নদীর পানিতে ডুবে মো. ইশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইশা উপজেলার বড়কালিকাপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে ইশা তার নানার বাড়ি উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রামে বেড়াতে আসে।
রোববার সকালে বাড়ির উত্তর পাশে নদীর পাশে খেলা করছিল খেলার এক পর্যায়ে সবার অজান্তে নদীর পানিতে শিশু ইশা পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজা খুঁজির একপর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। #