বড়লেখা প্রতিনিধি :
বড়লেখার সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বোবারথল চৌমুহনী এলাকা থেকে বিজিবির টহল বাহিনী আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে।
জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবি সদস্যরা একটি একনলা বন্দুক পড়ে থাকতে দেখে তা উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, দূর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কোনো অসাধু চক্র অবৈধ অস্ত্রটি সংগ্রহ করেছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি বিজিবির হেফাজতে রয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।