এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারওয়ান আলম (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মারওয়ান গুরুতর আহতসহ মোট পাঁচজন আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে পিকআপ চালক শ্রীমঙ্গলের আলম মুন্সী ও তার সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।