এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের উছলাপাড়া খান বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খান বাড়ি জামে মসজিদের পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি রাতেই মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।##