বড়লেখা প্রতিনিধি :
জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জুড়ী বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের পর পুলিশ তৎপর হয়ে তাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে দেশিয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক মো. তারেক মিয়ার ওই বছরের ২৬ আগস্ট থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি।
এদিকে বুধবার সকালে জুড়ী উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়। এরপরই মিছিলকারিদের সনাক্ত ও গ্রেফতার অভিযানে নামে পুলিশ। বিকেলে জুড়ী উপজেলা সদরের বাজার থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করে পুলিশ।
জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম, জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অন্যতম নেতা কিশোর রায় চৌধুরীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।